Header Ads Widget

Responsive Advertisement

পানিতে ডোবা কৃষকের ধান কেটে দিলেন আনসার-ভিডিপি সদস্যরা— কুড়িগ্রামে মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছে বাহিনী

 


এ কে খান পিভিএম :

প্রবল বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কেটে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নে কৃষকের ক্ষতি কমাতে স্বেচ্ছাশ্রমে ধান কাটার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, গত দুই দিনের টানা ভারী বৃষ্টিতে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের বিস্তীর্ণ পাকা ধানের জমি পানিতে তলিয়ে যায়। শ্রমিক সংকটের কারণে জমির ধান দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে গ্রামের এক ভিডিপি সদস্য বিষয়টি ভিডিওচিত্রসহ রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক মো. উজ্জল হোসেনকে অবহিত করেন।

পরে উপজেলা প্রশিক্ষক বিষয়টি কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসাইন কে জানালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পরামর্শে শুক্রবার ১৫ মে সকালে উমরমজিদ ইউনিয়নের ২০ জন স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্যকে নিয়ে পানিতে ডুবে থাকা কৃষক শ্রী রিপন চন্দ্রের পাকা ধান কেটে দেন তারা।

স্থানীয়রা জানান, পানিতে তলিয়ে যাওয়ার কারণে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এমন সময়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রম কৃষকের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। জমির মালিক শ্রী রিপন চন্দ্রসহ স্থানীয় বাসিন্দারা বাহিনীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ'র প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দ'র মতে, শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, দুর্যোগ ও মানবিক সংকটেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সারাদেশে বাহিনীর বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় কুড়িগ্রামের এ উদ্যোগও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল উদাহরণ।

এ বিষয়ে সংশ্লিষ্ট আনসার-ভিডিপি সদস্যরা জানান, অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত