এ কে খান পিভিএম :
বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ৯০ দিন মেয়াদি জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার সদর দপ্তর থেকে অনলাইনের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কার্যক্রম ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।
এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৫ জানুয়ারি আনসার-ভিডিপি সদর দপ্তরে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী মানবসম্পদ উন্নয়নে কাজ করা দক্ষতা উন্নয়ন ও পরামর্শমূলক প্রতিষ্ঠান ঝশরষষ টঢ়-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই প্রশিক্ষণে আনসার-ভিডিপি একাডেমি, খুলনা, চট্টগ্রাম, বগুড়া ও রংপুর—এই পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিটিতে ৪০ জন করে মোট ২০০ জন সদস্য অংশগ্রহণ করছেন। ঝশরষষ টঢ়-এর অভিজ্ঞ জাপানিজ ভাষা প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, এ জাপানিজ ভাষা প্রশিক্ষণ হবে হাইব্রিড ও ব্যতিক্রমধর্মী, যা আনসার-ভিডিপির প্রচলিত প্রশিক্ষণ কার্যক্রম থেকে ভিন্ন। এটি হবে নিবিড়, আবাসিক ও ব্যবহারিক ভাষা শিক্ষা কার্যক্রম। তিনি প্রশিক্ষণার্থীদের ক্লাসের বাইরে নিয়মিত জাপানিজ ভাষায় কথোপকথনের অনুশীলন এবং প্রশিক্ষণ কেন্দ্রে সরবরাহকৃত অডিও-ভিজুয়াল উপকরণ ব্যবহারের মাধ্যমে ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, আনসার-ভিডিপির প্রায় ৬০ লাখ সদস্য এবং তাদের পরিবারভুক্ত প্রায় ৩ কোটি মানুষের জন্য ধাপে ধাপে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বাহিনীর কৌশলগত লক্ষ্য। প্রশিক্ষণ শেষে জাপানিজ ভাষার উচ্চতর সার্টিফিকেশন অর্জনের ক্ষেত্রে আনসার-ভিডিপি কল্যাণ ট্রাস্ট পরীক্ষার ফি প্রদানে সহায়তা করবে বলেও তিনি জানান। মহাপরিচালক বলেন, শুধু সার্টিফিকেট অর্জন নয়, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা যেন জাপানিজ ভাষায় স্বাভাবিকভাবে কথা বলতে ও বুঝতে সক্ষম হয়—এটাই এই উদ্যোগের মূল সাফল্য নির্ধারণ করবে। রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার, উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ কোর্স চালু করায় বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান এবং এ যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের নবাগত রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. নাছিম হাসান, উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, জাপানিজ ভাষা শিক্ষা বহিরাগত প্রশিক্ষক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও জোরদার হবে। দীর্ঘমেয়াদে এটি বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, সদস্য ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 Comments