এ কে খান পিভিএম :
আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তী করণীয় সম্পর্কে কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক কামরুন নাহার, বিভিএম, বিএএমএস, পিভিএম বক্তব্য দেন। একই সময়ে অত্যাধুনিক প্রযুক্তির জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলায় অনুষ্ঠিত সমাবেশে সরাসরি সম্প্রচার করা হয়, যা পুরো আয়োজনকে সমন্বিত ও আধুনিক মাত্রা প্রদান করে। প্রধান অতিথি তার বক্তব্যে দেশে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের সফল ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি আসন্ন শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে সদস্যদের আরও অধিক নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, শেরপুরের ঝিনাইগাতি উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে ১,৫৫০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ গ্রহণ করেন। সেই সাথে বগুড়ার অনুষ্ঠানে প্রায় ২ হাজার আনসার ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শেরপুর জেলার, জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা, সংগঠনের বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তা এবং বগুড়া জেলার, জেলা কমান্ড্যান্টসহ অন্য কর্মকর্তা, কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
0 Comments