Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় দালিফের স্মৃতিতে বটবৃক্ষ রোপণ

 


খালেদ আহমেদ, পাবনা :
রাস্তার পাশে রোপিত বটগাছ ভবিষ্যতে হবে মানুষের বিশ্রামস্থল ও পরিবেশের রক্ষাকবচ এই আশায় আলোচনা, দোয়া ও মিষ্টিমুখের মধ্য দিয়ে পাবনা সদর উপজেলার ১নং মালিগাছা ইউনিয়নের মনিদহ গ্রামের খন্দকার পাড়ার তিন রাস্তার মোড়ে মরহুম দালিফের স্মৃতিতে ‘দালিফের বটতলা’ নামে দুইটি বটগাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসলাম হোসেন।সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও গ্রাম প্রধান খতিব আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি কৃষিবিদ রাজিবুল হাসান প্রিন্স।

বক্তারা বলেন, রাস্তার পাশে রোপণ করা এই বটগাছ দুটি ভবিষ্যতে এলাকাবাসী, পথচারী, শ্রমজীবী মানুষ ও যাত্রীদের জন্য বিশ্রামের স্থান তৈরি হবে। এটি বাতাস পরিশুদ্ধ করে অক্সিজেন সরবরাহ বাড়াবে।

গ্রামীণ সমাজে বটতলা ঐতিহ্যগতভাবে আড্ডা ও আলোচনা কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠবে। পাখি ও বিভিন্ন প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করবে। মানুষের উপকারে আসা এই গাছ রোপণকারীদের ও দালিফের জন্য চলমান সওয়াবের উৎস হবে। এ সময় উপস্থিত ছিলেন পাবনা রাইফেল ক্লাবের কোচ দিলরুবা খন্দকার, দালিফ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল হোসেন পায়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচন শেষে সবাই মিলে বটগাছের চারা দুইটি রোপণ করেন। পরে গাছগুলোর গোড়ায় পানি এবং সুরক্ষার জন্য চারপাশে বেড়া দেওয়া হয়। পাশাপাশি ‘দালিফের বটতলা’ নামের একটি নামফলক স্থাপন করা হয়।

এরপর মরহুম দালিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও গাছটির জীবিত থাকার আশা নিয়ে মহান রব্বুল আলামীন এর দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন। দোয়া শেষে উপস্থিত সকলে মিষ্টিমুখ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, সময়ের সাথে এই বটগাছ দুটি বড় হয়ে ‘দালিফের বটতলা’কে একটি ছায়াময়, উপকারী ও ঐতিহ্যবাহী স্থানে পরিণত করবে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় দালিফের স্মৃতিতে বটবৃক্ষ রোপণ