খালেদ আহমেদ, পাবনা :
দৈনিক ঘোষণার পাবনা সদর উপজেলা প্রতিনিধি কৌশিক হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে দুর্বৃত্তরা বসতবাড়ির ভেন্টিলেটর ভেঙে বাগির ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সাংবাদিক কৌশিক হোসেন জানান, মঙ্গলবার রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে পাবনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দা মহল্লা থেকে সিরাজগঞ্জে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে বুধবার রাত যাপন শেষে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসভবনে ফিরে আসেন। বাড়ির মেইন গেটের তালা খুলে তিনি তার নিজ শয়নকক্ষের দরজা খোলা অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে দ্রুত ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান, ঘরের সবকিছু অগোছালো অবস্থায় রয়েছে। কাঠের আলমারি, ওয়ারড্রব ও স্টিলের আলমারির তালা ভাঙা, কাপড়-চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরপর পাশের কক্ষে গিয়ে দরজা খোলা অবস্থায় পান এবং ভেতরে প্রবেশ করে দেখতে পান উপরের ভেন্টিলেটর ভেঙে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরে প্রবেশ করেছে। পরে তারা আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় নথিপত্রসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে কৌশিক হোসেন জানান, চোরেরা প্রায় ২৯.১৫৯ গ্রাম স্বর্ণের গহনা, ৫৮.৩১৯ গ্রাম রুপার গহনা এবং ৭৫ হাজার নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সদর সার্কেল শরিফুল ইসলাম স্যার নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এ ঘটনায় পাবনা সদর থানায় একটি দস্যুবৃত্তি মামলার প্রস্তুতি চলছে।
0 Comments