খালেদ আহমেদ, পাবনা :
পাবনায় মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারারস এসোসিয়েশনের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন কার্যালয়ের জেলা প্রশাসকের দপ্তরে তারা দেখা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম সংগঠনটির দেশের মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা ও তাদের পেশাগত কর্তব্যবোধের প্রশংসা করেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, কোনো অসাধু ব্যক্তি যেন এই সংগঠনের ছত্রছায়ায় থেকে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে—সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।
সংগঠনের জেলা সভাপতি ও গ্রেন প্লাসের স্বত্বাধিকারী আলহাজ্ব সাইফুল ইসলামের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক, ইমপেল ল্যাবরেটরিজের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামের সক্রিয় সমন্বয়ে বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপদেষ্টা বনজ ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী আবুল হোসেন মঞ্জুর কাদের, সহ-সভাপতি ইউনিফিল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জয় ফার্মাসিউটিক্যালসের স্বত্বাধিকারী আলী আজম সজীব এবং মহিলা বিষয়ক সম্পাদক কসমিকো উইনানী ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী মমতাজ পারভীন। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম দেশের ইউনানি ঔষধ শিল্পে সংগঠনটির অবদান, উৎপত্তি, আধুনিকায়ন ও জনকল্যাণে এর উপকারিতা সংক্ষেপে তুলে ধরেন। অপরদিকে সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম সংগঠনের কার্যক্রম, প্রতিষ্ঠানসমূহের উৎপাদন প্রক্রিয়া, মাননিয়ন্ত্রণ এবং আইনগত বৈধতা সংক্রান্ত বিষয়সমূহ সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন এবং সকলকে পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য, পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম (২৯তম বিসিএস) গত ১ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সচিব (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
0 Comments