এ কে খান :
গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র স্বাস্থ্য শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম নাটারাম সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। গত ৭ মার্চ শনিবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের একটি নতুন দ্বার উন্মোচিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পদাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস'র অপারেশান-৪ রংপুর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ শাহিন আলম ও রংপুর জোনের, জোন প্রধান মইনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক, নাটারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর আইয়ুব উদ্দিন প্রমূখ। এছাড়া কো-অর্ডিনেটর-১ (PHE&SP) হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন আশরাফুল ইসলাম এবং গীতা পাঠ করেন নিতাই চন্দ্র রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ খলিলুর রহমান, আর সভাপতিত্ব করেন নিতাই চন্দ্র রায়, শাখা প্রধান, নাটারাম শাখা।
বক্তারা বলেন, “সুস্বাস্থ্যই উন্নত সমাজ গঠনের অন্যতম ভিত্তি।” নাটারাম সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার মানুষ এখন সহজেই প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, রোগ প্রতিরোধ, পুষ্টি সচেতনতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এই সেবা কেন্দ্রের মাধ্যমে স্বল্প ব্যয়ে ও সহজলভ্যভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এলাকাবাসী ও বক্তারা এ এলাকায় স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র উদ্বোধন করায় টিএমএসএস'র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম ও টিএমএসএস'র কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধা ভোগী মানুষ, টিএমএসএস'র নতুন পুরাতন সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments