রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বাসা বাড়িতে অবৈধভাবে পরিচালিত মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া গেছে। তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার ধুলাউড়ি নতুনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। অভিযানে আলাউদ্দিন আলী নামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। তিনি অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ডিজেল প্রতি লিটার ১০০ টাকা দরে স্থানীয় সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
0 Comments