Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত


খালেদ আহমেদ, পাবনা : 

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পাবনায় জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল কাদের গ্রন্থাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক, রেল ও নদীপথে যাত্রী চলাচল নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষ করে যানবাহনের ছাদে যাত্রী বহন বন্ধ করা, ফেরিঘাটে স্কেল স্থাপন, ট্রাকে অতিরিক্ত মালামাল (ওভারলোডিং) আইনের আওতায় আনা, সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত শহর বা বাজার এলাকায় ট্রাক প্রবেশ নিষিদ্ধ থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা না হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া ট্রাকে সুজানগর ও ঈশ্বরদী থেকে পৌরসভার নাম ব্যবহার করে অবৈধভাবে ৫০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ, শহরে যানজটের অন্যতম কারণ হিসেবে ইজিবাইকের বেপরোয়া চলাচল এবং সড়কের মাঝখানে রড স্থাপন করে ডিভাইডার তৈরির প্রস্তাবসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পাবনা বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেনের পরিচালনায় সভায় বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এম আজিজ, পাবনা মালবাহী সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, টিআই ওয়ান সাদাকাতুল বারী, পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক।
সভায় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম, মোটরযান পরিদর্শক এসএম ফরিদুর রহিম, বিশিষ্ট সমাজসেবক ও অস্ট্রেলিয়া প্রবাসী ফিরোজ খান রঞ্জু, নিরাপদ সড়ক চাই পাবনার প্রতিনিধি, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র লাইন সেক্রেটারি শাহীন শেখসহ আয়োজক দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

তবে সভায় সিএনজি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্যাটারিচালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির এ সভা বছরে ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট