ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মহীয়সী ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) সকাল সাড়ে ১১টায় পাবনা শহরের দিলালপুরে অবস্থিত হামিদ কমপ্লেক্স (২য় তলা) আয়োজিত এক অনুষ্ঠানে ৪৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মহীয়সী ফাউন্ডেশনের সভাপতি কথা হাসনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। মহীয়সী ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার সিনিয়র পরিচালক মো. মাজাহারুল ইসলাম, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পিপীলিকার কর্ণধার ইলিয়াস আহমেদ হিমেল রানা, কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, মহীয়সী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বেগম ফিরোজা খান, অর্থ সম্পাদক কবি শামীমা সীমা, কার্যকর সদস্য সৈয়দা কামরুন্নাহার শিল্পী, সাইদা আখতার কল্পনা এবং কাব্যশ্রী লেখক চক্রের সভাপতি ডিএএস সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের সভাপতি রেহানা সুলতানা শিল্পী।
উল্লেখ্য, মহীয়সী সাহিত্য পাঠচক্র পাবনায় দীর্ঘ বছর যাবৎ দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশেষ ভূমিকা পালন করে আসছে। এছাড়া নবীন-প্রবীণ লেখক, কবি, সাহিত্যিকদের মেলবন্ধনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাদের নিজস্ব প্রকাশনী থেকে শত শত বই প্রকাশিত হচ্ছে। এবছর এর সাথে যুক্ত হয়েছে 'মহীয়সী ফাউন্ডেশন'৷ মহীয়সীর এই নবযাত্রা সুন্দর ও মসৃণ হোক, এই প্রত্যাশা পাবনাবাসীর।
0 Comments