Header Ads Widget

Responsive Advertisement

বরিশালে আনসার-ভিডিপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

এ কে খান পিভিএম :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বরিশালে সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ মার্চ) আনসার-ভিডিপির বরিশাল রেঞ্জ, জেলা কার্যালয় ও বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন)-এর উদ্যোগে বরিশাল জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর পক্ষ থেকে সারা দেশে চার দিনের ইফতার মাহফিল কর্মসূচির অংশ হিসেবে আয়োজনের শেষ দিনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাহিনীর কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। এ মাসে শুধু রোজা পালনই নয়, মানবিক মূল্যবোধকে নিজেদের জীবনে ধারণ করাই মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, আনসার ও ভিডিপি বাহিনী দেশের অন্যতম বৃহৎ শৃঙ্খলাবাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচন পরিচালনা, দুর্যোগ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এ বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন (২২ বিএন)-এর পরিচালক সদন চাকমা, বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন)-এর উপপরিচালক মো. হাছান আলী, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন, বরগুনা জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল, পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট মোঃ শফিকুল ইসলাম, ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন ও পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফরিদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল শাখা ব্যবস্থাপক, বিভিন্ন জেলার সহকারী পরিচালক, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি ও টিডিপি সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে দেশ, জাতি ও আনসার-ভিডিপি বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথি, কর্মকর্তা ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনে বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়। এ সময় উপস্থিত সবাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, অতীতে যেমন আনসার-ভিডিপি বাহিনী নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি ভবিষ্যতেও ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও অপরাধমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট