রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
ঈদফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
অভিযানের সময় তিনি যাত্রীবেশে সিএনজি ভাড়া করার চেষ্টা করলে একাধিক অনিয়ম ধরা পড়ে। একটি সিএনজি ৬০ টাকা, তিনটি সিএনজি ৫০ টাকা এবং একটি সিএনজি ৮০ টাকা ভাড়া দাবি করে, যা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি।
এ সময় ৮০ টাকা ভাড়া দাবি করা সিএনজি চালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অন্যান্য সিএনজি চালকদের একই আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে এলাকায় সিএনজি ভাড়া স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
0 Comments