রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে একমাত্র কাঁচা মাঠের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়া—সবকিছুই চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ রাস্তা অচল হয়ে পড়ায় স্থানীয়রা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই রাস্তা শুধু কৃষিকাজের জন্যই নয়, বরং গ্রামের শিক্ষার্থী ও রোগীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুল ও কলেজে যেতে অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে, ফলে অনেকেই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারছে না। একইভাবে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে, যা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।
এদিকে কৃষকরা পাওয়ার ট্রিলারসহ অন্যান্য কৃষিযন্ত্র নিয়ে মাঠে যাতায়াত করতে পারছেন না। ফলে তারা প্রায় দুই কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে ফসল ও যন্ত্রপাতি বহন করতে বাধ্য হচ্ছেন।
গ্রামবাসীদের অভিযোগ, বিকল্প কোনো রাস্তা না থাকায় ফসল পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এবং চিকিৎসা সেবায় পৌঁছাতে সময় ও খরচ দুইই বেড়ে গেছে। এতে পুন্ডুরিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় কৃষক মুন্নাফ বলেন, “এই রাস্তা দিয়েই আমাদের সব ফসল আনা-নেওয়া করতে হয়। এখন রাস্তা নষ্ট হওয়ায় অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে। বাচ্চাদের স্কুলে যাওয়া আর অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়াও কষ্টকর হয়ে গেছে।”
আরেক কৃষক জানান, দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে ভবিষ্যতে ফসল উৎপাদন, বাজারজাতকরণ, শিক্ষার পরিবেশ এবং স্বাস্থ্যসেবায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
গ্রামবাসীরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
0 Comments