খালেদ আহমেদ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে এবি ট্রাস্ট-এর ব্যবস্থাপনায় পাবনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার, ২ মার্চ সকাল সাড়ে ১০টায় পাবনার আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইফতার সামগ্রী বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন আয়োজক সংগঠন এবি ট্রাস্টের চেয়ারম্যান ও ৭২ (পাবনা-৫) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের দাতা সংস্থা বাংলাদেশে ১২৫টি মসজিদ নির্মাণ করেছে এবং কয়েকশ’ কোটি টাকা দান করেছে। এসব সহায়তা আমি আপনাদের জন্য নিয়ে আসি। সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে আমি এসব সামগ্রী স্পর্শ পর্যন্ত করি না; দাতাদের উপস্থিতিতেই বিতরণ করা হয়। কোথাও আমি উপস্থিত থাকি, কোথাও থাকতে পারি না, কিন্তু সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিবারই সুষম বণ্টন নিশ্চিত করা হয়। গতকাল কাতার দিয়েছে, আজ তুরস্ক, আগামীকাল কুয়েত, এরপর সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ দেবে।” তিনি আরও বলেন, “ব্যক্তিগতভাবে আমি আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং শহরে একটি পলিটেকনিক প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যা আমার দাদার সম্পত্তির ওপর নির্মিত। আমার পরিবার এসব সম্পত্তি আমাকে লিখে দিয়েছে বলেই এসব জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়েছে। দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনে এসব উন্নয়নমূলক কাজ করতে আমাদের পরিবারকে সোয়া ২শ’ বিঘা সম্পত্তি বিক্রি করতে হয়েছে, যার বর্তমান বাজারমূল্য ১শ’ কোটি টাকারও বেশি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। তিনি এবি ট্রাস্টের চেয়ারম্যান এডভোকেট শিমুল বিশ্বাসের এই জনসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং একই সঙ্গে তুর্কি সরকার ও দাতা সংস্থাগুলোকেও সাধুবাদ জানান। এসময় তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ ও সেখানে শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, দাতা সংস্থা Turkish Cooperation and Coordination Agency (তুর্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি)-এর কর্মকর্তা তুরস্কের নাগরিক মোহাম্মদ আলী এবং প্রকল্প ব্যবস্থাপক বাংলাদেশি মঞ্জুর এলাহী। পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবির হাসান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, শিমুল বিশ্বাসের আস্থাভাজন এনামুল হক এনাম, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রয়েল বিশ্বাস, জেলা যুবদলের সদস্য মামুন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় লবণ, খেজুর, তেল, চাল, ডালসহ রমজানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রায় ৩০০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে বিতরণ করা হয়।
0 Comments