Header Ads Widget

Responsive Advertisement

ঠাকুরগাঁও ও লালমনিরহাটে আনসার-ভিডিপির শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতিমূলক সমাবেশ

 


এ কে খান পিভিএম :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রংপুর রেঞ্জের আওতাধীন ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ ও হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও স্টেডিয়াম মাঠে আয়োজিত প্রস্তুতিমূলক সমাবেশে জেলার ৪১৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত ৫ হাজার ৪২১ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন। প্রতি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তী করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহম্মাদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। তিনি বলেন, দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ডাটাবেজ ভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও প্রশিক্ষিত সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে রিপোর্ট করতে হবে, যাতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রংপুর বিভাগে মোট ৬১ হাজার ৭৫০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের ১ হাজার ২৪ জন সদস্য নিয়ে ১২৮টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। তিনি বলেন, এটি জনগণের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ নেই। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আবদুল্লাহ আল-হাদি, আনসার ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুল আফছার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক ও ভাতাভোগী আনসার ভিডিপি সদস্য, ইউনিয়ন দলনেতা দলনেত্রী ও প্রিন্ট মিডিয়া কমী প্রমুখ। একই দিনে লালমনিরহাট জেলায় আনসার-ভিডিপির নির্বাচনী হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে জেলার ৩৮৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত মোট ৫ হাজার ১৮ জন আনসার-ভিডিপি সদস্য, সদস্যা অংশ গ্রহণ করেন। হাজিরা প্যারেডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম। 

সমাবেশে অন্যদের মধ্যে আনসার-ভিডিপি'র লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মো. সহিদুল ইসলাম, ৩৪ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. আব্দুস সামাদ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষিকা, ইউনিয়ন দলপতি ও দলনেত্রী এবং গণমাধ্যম কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

৬৮ পাবনা-০১ (সাঁথিয়া) আসনে ব্যারিস্টার মোমেন বিজয়ী