শফিক আল কামাল :
পাবনার ৫৩ নং সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী এলাকাবাসীর সুপেয় ও নিরাপদ পানির প্রাপ্তি নিশ্চিত করতে এপেক্স ক্লাব অব পাবনার উদ্যোগে একটি নলকূপ (তারা পাম্প) স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নলকূপের পানি তুলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলকূপের পানি তুলে কার্যক্রমের সূচনা করেন এপেক্স ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট মাহবুবুল আলম ফারুক। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ পানি নিশ্চিত করা সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যত প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পাবনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিক আল কামাল, সেক্রেটারি অ্যান্ড ডিএনই আব্দুর রহমান সুমন, ট্রেজারার শফিকুর রহমান শান্ত ও সার্ভিস ডিরেক্টর কবির হোসেন। এছাড়াও শুভসংঘ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলী আকবর মিঞা, এপেক্স ক্লাব অব পদ্মার প্রেসিডেন্ট ড. মনসুর আলম, সেক্রেটারি অ্যান্ড ডিএনই ফারহানা আক্তার, ট্রেজারার আবু জাফর, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি মো. হাসান আলী, সহ-সভাপতি মো. আব্দুস সালাম এবং প্রধান শিক্ষক সুমী পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা জানান, এ উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাদের জন্য নিরাপদ পানির একটি স্থায়ী ব্যবস্থা নিশ্চিত হলো, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 Comments