রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা :
সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন এমপি। অতিথি হিসেবে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই দেশ স্বাধীনতার পথে এগিয়ে গেছে। তিনি জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভাষা শহীদদের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
0 Comments