এ কে খান :
“নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় শাহজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে Special Program–Development (Agriculture) এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন বগুড়া জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য দেন মাঝিড়া মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান ও মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।
এর আগে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয়দের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এনজিওকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
0 Comments