এ কে খান পিভিএম :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এরই ধারাবাহিকতায় আনসার-ভিডিপি'র বরিশাল বিভাগের, বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা এবং সিলেট বিভাগের, সিলেট আনসার-ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীর পেশাদার প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতার সুস্পষ্ট বহিঃপ্রকাশ। বরিশাল জেলা আনসার-ভিডিপি কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাহিনীর নানা কমকান্ড ও জাতীয় নিবাচন সম্পর্কে বাহিনীর সদস্যদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনসহ বাহিনীর সার্বিক কার্যক্রম জোরদার ও শক্তিশালীকরণে দিক নির্দেশনা প্রদানকালে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মহাপরিচালক বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, দায়িত্ব বণ্টন ও পারস্পরিক সমন্বয় জোরদারে শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনকালীন সময়ে বাহিনীর সকল কর্মকর্তা ও দায়িত্ব পালনকারীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা প্রদান করেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে ঝুঁকি বিবেচনায় নির্ধারিত সংখ্যক অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হবে।আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, মোতায়েন, প্রশিক্ষণ কার্যক্রম, ইউনিফর্ম ও ভাতা প্রদানসহ আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সম্পন্ন করেছে। এই সমন্বিত প্রস্তুতি ও নীতিনির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনআস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভবিষ্যতেও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি দক্ষ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিসম্পন্ন শক্তি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে-এমন দৃঢ় প্রত্যয় বাহিনী নেতৃত্বের।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি, সিলেট জেলা কমান্ড্যান্ট ও জেলার বিভিন্ন পদমর্যাদার কমকর্তা এবং আনসার ভিডিপি'র সদস্যরা উপস্থিত ছিলেন।
0 Comments