এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লালমনিরহাট জেলার ৩৪ আনসার ব্যাটালিয়ন এর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২ ফেব্রুয়ারী সোমবার ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কাটার মাধ্যমে দরবার, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় মহাপরিচালক নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। দেশ সেবার আদর্শকে সমুন্নত রেখে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধসহ অপরাধ দমনে আনসার সদস্যদের অগ্রণী ভূমিকা অপরিহার্য। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও বাংলাদেশ আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের, পরিচালক মোঃ শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম ও লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। ব্যাটালিয়নের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পদবীর সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ কামারুজ্জামান। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। সারা দিনব্যাপী অনুষ্ঠানে নানা কর্মসূচির অংশ হিসেবে বাদ ফজর দোয়া মাহফিল, জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, সদস্যদের দরবার, প্রীতিভোজ ও ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
0 Comments