শফিক আল কামাল :
পাবনায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ঈশ্বরদী থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার চিংড়াখালি এলাকার বাসিন্দা (বর্তমান ঠিকানা পাকশী, ঈশ্বরদী) মো. কামালের ছেলে মো. শাহিন (২০) গ্রেপ্তার হন। পরে শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী থানার দিয়ার বাঘইল এলাকার মো. হযরত প্রামানিক (৪৭)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি লোডেড রাইফেল, লোডেড ম্যাগাজিনসহ ৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি .২২ বোর রাইফেলসহ ম্যাগাজিন ও তাজা কার্তুজ, একটি কাঠের বাটযুক্ত একনালা বন্দুক এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এদিন ভোরে পৃথক আরেকটি অভিযানে ঈশ্বরদী থানার মানিকনগর পশ্চিমপাড়া এলাকা থেকে মো. বাদশা মিয়ার ছেলে মো. মোমিনুর ইসলাম খোকন (৩৩) গ্রেপ্তার হন। তার কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, লোডেড ম্যাগাজিনসহ ৬ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ৭.৬৫ এমএম পিস্তল, লোডেড ম্যাগাজিনসহ ১০ রাউন্ড তাজা কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
0 Comments