এ কে খান পিভিএম :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দেশব্যাপী প্রযুক্তিনির্ভর প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বগুড়া জেলার আনসার ভিডিপি'র জেলা কার্যালয়ে একটি নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় সরাসরি উপস্থিতি হওয়ার পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রংপুর, দিনাজপুর ও নীলফামারীর নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত সদস্যরাও এতে যুক্ত হন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তী কর্তব্যরত আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে নানা পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও সততার সঙ্গে পালনের মাধ্যমেই জাতীয় পতাকা ও বাহিনীর মর্যাদা রক্ষা সম্ভব।
মহাপরিচালক অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও বাহিনীর অপব্যবহার নিয়ে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব অপচেষ্টা মোকাবিলায় সদস্যদের ঐক্য, দেশপ্রেম ও পেশাদারিত্বের ওপর গুরুত্ব দেন তিনি। তিনি জানান, AVMIS ও STDMS সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় বাহিনীর দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে। এসব প্রযুক্তি নির্ভর ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে পুরোনো অনিয়ম ফিরিয়ে আনার চেষ্টা করছে একটি বহিষ্কৃত চক্র, যা আনসার-ভিডিপির নবপ্রশিক্ষিত প্রায় আড়াই লাখ তরুণ সদস্য প্রত্যাখ্যান করেছে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকারী সদস্যদের ভাতা STDMS সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ ও নির্ধারিত সময়ে পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে। সদস্যদের কল্যাণ প্রসঙ্গে মহাপরিচালক জানান, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট শক্তিশালী করা হয়েছে এবং জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাপনী বক্তব্যে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আনসার-ভিডিপি আগামী নির্বাচনেও একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।
এ সময় বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, কর্মচারী, আনসার ভিডিপি সদস্য, সদস্যা সহ মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments