আনসার-ভিডিপিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়া : সফিপুরে দুটি নতুন ভবনের উদ্বোধন
এ কে খান পিভিএম :
অবকাঠামোগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের নতুন দিগন্তে পা রাখল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর প্রশাসনিক ও আবাসিক সক্ষমতা বাড়াতে গাজীপুর সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে নবনির্মিত ও সংস্কারকৃত দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর একাডেমির ‘উত্তরণ আবাসিক এলাকা’ এবং প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ফলক উন্মোচনের মাধ্যমে ভবন দুটির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে মহাপরিচালক জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও গতিশীল, দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে বর্তমানে দেশব্যাপী সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে রাজধানীর তেজগাঁওয়ে বাহিনীর নতুন সদর দপ্তর উদ্বোধন, কর্মকর্তা আবাসন ও নতুন সৈনিক ব্যারাক নির্মাণসহ জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সফিপুর একাডেমির এই দুটি উন্নয়ন প্রকল্প সেই ধারাবাহিক রূপান্তরেরই অংশ।
নবনির্মিত ‘উত্তরণ আবাসিক এলাকা’ একাডেমিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করবে। অন্যদিকে, প্রশাসনিক ভবনের সম্প্রসারণ ও আধুনিকায়নের ফলে দাপ্তরিক স্থান বৃদ্ধি পেয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনাকে ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে মহাপরিচালক উল্লেখ করেন, বাহিনীর অবকাঠামোগত এ রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সংস্কার সদস্যদের সার্বিক কল্যাণ এবং পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও চৌকস পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, বাহিনীর বিভিন্ন পর্যায়ের কমকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

