সাঁথিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ভিপি শামসুর রহমান
রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনালে মুখোমুখি হয় হুইখালী সোনালি সংঘ ও চাটমোহর মেহেদী এগ্রো ফুটবল টিম।
সাঁথিয়ার পুরানচর যুবক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি শামসুর রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। আমরাও চাই, আমাদের যুবসমাজ মাদকমুক্ত জীবন গড়ুক।” তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম হারুন অর রশিদ, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুর বারী সান্টু, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

