রাজশাহীতে হৃদরোগে চিকিৎসাধীন বিএনপির সাবেক নেতা আ. সাত্তার মাষ্টার
রাকিব হোসেন, সাঁথিয়া, পাবনা:
বিএনপির সাবেক নেতা মোঃ আ. সাত্তার মাষ্টার (৮২) হৃদরোগজনিত সমস্যায় রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে মো. সেলিম হোসেন। তিনি রাজশাহীর পদ্মা সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপকের পরামর্শে মো. আ. সাত্তার মাষ্টারের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর High-sensitivity Troponin-I-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায়। বয়স ও শারীরিক ঝুঁকি বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত এনজিওগ্রাম বা বড় ধরনের অস্ত্রোপচারের পরিবর্তে ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চলছে।
ছেলে মো. সেলিম হোসেন বলেন, “আল্লাহ যতদিন হায়াত রেখেছেন, ততদিন বাবাকে সুস্থ ও শান্তিতে রাখুন—এটাই আমাদের প্রার্থনা। আলহামদুলিল্লাহ।”
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মো. আ. সাত্তার মাষ্টার ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগদলের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে বেড়া-সাঁথিয়া আসনের সাবেক এমএলএ ও এমপি মরহুম মির্জা আব্দুল আউয়ালের ঘনিষ্ঠ সহচর হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
তিনি পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সাঁথিয়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি করমজা ইউনিয়নের চেয়ারম্যানের (অর্পিত ক্ষমতাবলে) দায়িত্বও পালন করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি দুইবার কারাবরণ করেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলা হয় এবং ২০১৮ সালে তিনি কারাগারে যান। পরিবারের আরও দাবি, ওই সময়ে তাঁর বাড়িতে একবার রাতে হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের পরিকল্পনা করা হয়েছিল বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বর্তমানে মোঃ আ. সাত্তার মাষ্টার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
