গুদামে সার, মাঠে সংকট: কৃষকের হাতে সার নেই কেন? জনমনে প্রশ্ন
মাসুদ রানা তুহিন, রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশের খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। আর সেই কৃষির মূল কারিগর কৃষক। অথচ ফসলের মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় সার না পাওয়ার অভিযোগ করছেন কৃষকেরা। কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার মিলছে না, কোথাও ডিলারের দোকান থেকে ফেরতে হচ্ছে খালি হাতে, আবার কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে।
অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে সারের কোনো সংকট নেই এবং সরকারি গুদামে পর্যাপ্ত মজুত রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, গুদামে যদি সার থাকে, কৃষকের হাতে তা পৌঁছাচ্ছে না কেন?
সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, সরকারি হিসাব অনুযায়ী অনেক জায়গায় সারের বরাদ্দ ও মজুত থাকলেও মাঠপর্যায়ে কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না। কোথাও সরবরাহ ও পরিবহনের সমস্যা, আবার কোথাও ডিলার পর্যায়ে অনিয়মের অভিযোগ রয়েছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন ছোট ও প্রান্তিক কৃষক। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনলে তাদের উৎপাদন খরচ বাড়ছে। আর সময়মতো সার না পেলে ফসলের উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই শুধু গুদামে সার মজুত রাখলেই হবে না, নিশ্চিত করতে হবে কারখানা ও গুদাম থেকে কৃষকের জমি পর্যন্ত সঠিক সময়ে সঠিক পরিমাণ সার পৌঁছানো।
কোন ডিলার কত সার পেলেন, কত বিক্রি করলেন এবং কত মজুত রয়েছে, তা ডিজিটাল ব্যবস্থায় নজরদারির আওতায় আনা যেতে পারে। সরকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
কৃষক দেশের খাদ্যনিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেন। তাই তার প্রয়োজনের সময়ে সার পাওয়ার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
গুদামে কত টন সার আছে, তার চেয়ে বড় প্রশ্ন হলো—কৃষকের জমিতে প্রয়োজনের সময়ে কতটুকু সার পৌঁছেছে।
