রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় জুমার নামাজে ইমামতিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার জামাত শুরুর আগে পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জুমার নামাজে ইমামতি করতে মসজিদে গেলে বিএনপি কর্মী-সমর্থকদের একটি অংশ আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম অভিযোগ করেন, দলীয় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে সংসদ সদস্য ইমামতি করতে যান। এতে আপত্তি জানানো হলে জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটান। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নির্ধারিত ইমামের ইমামতিতে নামাজ আদায় করা হয়।
অন্যদিকে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি স্থানীয় মুসল্লিদের আমন্ত্রণে মসজিদে গিয়েছিলেন। তাঁর দাবি, খুতবার সময় বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় তাঁর সমর্থকদের মারধর করা হয়েছে এবং নামাজের পর এক সমর্থকের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
ওসি আনিসুর রহমান বলেন, ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
0 Comments