ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. রুহুল আমিনের 'বন্দে আলী মিয়ার সাহিত্যকর্মে সমকালীন সমাজ' গবেষণাগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে সমাজের দুই শতাধিক লেখক, কবি, গবেষক গুণিজনদের নিয়ে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস অতিথিদের নিয়ে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানের শুরুতে গ্রন্থলেখক অধ্যাপক মো. রুহুল আমিন শুভেচ্ছা বক্তব্যে তাঁর রচিত গ্রন্থের ওপর সংক্ষিপ্ত আলোচনা রাখেন।
সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল-এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। আলোচক হিসেবে গ্রন্থের উপর বিস্তারিত আলোচনা রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জাকির হুসাইন, পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর এ কে এম তোফাজ্জল হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, সাংবাদিক, লেখক, কবি, গবেষকসহ পাবনার বিশিষ্টজন।
0 Comments