রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. শামসুর খান (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুর খান ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন খানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং চার সন্তানের জনক।
পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে নিজ বসতবাড়ির উঠানে থাকা একটি আমগাছে আম পাড়ার জন্য ওঠেন শামসুর খান। একপর্যায়ে গাছের একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান। এতে তার বুক ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করমজা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
এদিকে শামসুর খানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments