রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
ঈদুল আজহার আনন্দকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তুলতে আল আরাফাহ একাডেমি অ্যান্ড বিএম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে এসএসসি ২০২২ থেকে ২০২৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ২০২৪ ও এসএসসি ২০২৫ ব্যাচ। খেলা ঘিরে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ একাডেমি অ্যান্ড বিএম কলেজের প্রধান শিক্ষক কে. এম. আরশেদ আলী। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজকরা জানান, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। খেলাধুলার মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। পরে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।
প্রাক্তন শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
0 Comments