রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে অরাজনৈতিক সামাজিক সংগঠন পুন্ডুরিয়া শান্তি সংঘ-এর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি শফিকুল ইসলাম (ঝরু)-এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল হোসেন-এর সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনসুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ মাঠ কমিটির সদস্যবৃন্দ।
কর্মসূচির আওতায় পুন্ডুরিয়া গ্রামের বিভিন্ন সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গণ, খেলার মাঠ এবং জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকরাও এতে অংশগ্রহণ করেন।
এ সময় পুন্ডুরিয়া শান্তি সংঘের নেতৃবৃন্দ বলেন, “জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাতেও এগিয়ে আসতে হবে।”
তারা আরও বলেন, পুন্ডুরিয়া শান্তি সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে রোপণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 Comments