ওয়ান মিনিট টিভি ডেস্ক :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী পালন করলো পাবনার শিল্প সাহিত্যের ছোটো কাগজ শীতলপাটি ও নির্মাণ।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল সাড়ে ৫টায় শহরের আব্দুল হামিদ কমপ্লেক্স এর ২য় তলায় মেমোরিয়াল ক্লাব বুকস সেমিনার কক্ষে এ উপলক্ষে কবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচলা, কবিতা পাঠ এবং রবীন্দ্র সংগীতের আয়োজন করা হয়।
পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ আলী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার। তিনি বলেন, বাংলা সাহিত্যের বহুমাত্রিক প্রতিভার অধিকারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া যেমন বাংলা সাহিত্য-সংগীতাঙ্গন কল্পনা করা যায় না তেমনি তাঁর সাহিত্য রস ছাড়া কোটি কোটি বাঙালির মন ভালো করা সম্ভব নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে মন খারাপ হলেই ছুটে যাই বিশ্বকবির কবিতা ও গানের কাছে। এটা আমার জীবনে মন ভালো করতে ম্যাজিকের মতো কাজ করে। কবির ১৬৫তম জন্মদিনে আমাদের অঙ্গিকার হোক, বিশ্বকরির শিল্প সাহিত্য দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি শহীদ বুলবুল কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক ও পিপীলিকার কর্ণধর ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন পাবনার বিশিষ্ট নদী গবেষক ড. মো. মনছুর আলম, পাবনা ইসলামীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সরাসরি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আদুবালা শীল, মহীয়সী সাহিত্য পাঠচক্রের সভাপতি কবি রেহেনা সুলতানা শিল্পী, সহসভাপতি কবি কথা হাসনাত, কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির্জা রানা, ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুর্শিয়া খাতুন, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, পাবনা পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার প্রমুখ।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন পাবনার বিশিষ্ট কন্ঠশিল্পী শামীমা সীমা এবং একেএম ফজলুল করিম।
কবিকে নিবেদন করে কবিতা আবৃত্তি করেন কবি ও বাচিক শিল্পী আব্দুল্লাহ আল মামুন, পাবনা আবৃত্তি সংসদ একাডেমির শিক্ষার্থী শিশু শিল্পী আরিয়ান হাবিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাব্যশ্রী লেখক চক্রের সভাপতি মো. সোহাগ হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো. রাতুল হোসেনসহ কিছু শিক্ষক ও সাংবাদিক।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন সাহিত্যের ছোটো কাগজ নির্মাণ-এর সম্পাদক, কবি ও গবেষক ড. মো. আব্দুর রউফ।
0 Comments