ওয়ান মিনিট টিভি ডেস্ক :
একুশে বইমেলা উদযাপন পরিষদের উদ্যোগে পাবনায় অনুষ্ঠিত হলো স্বাধীনতার আবহে “জাগরণের গান ও কবিতা” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে সমবেত জাতীয় সংগীত, যন্ত্র সংগীত, দেশাত্মবোধক গান, স্বাধীনতার গান ও কবিতা, দলীয় কবিতা পাঠ, বাউল গান, লোকজ নৃত্যসহ পাবনার বিভিন্ন অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর হয়ে পরিণত হয় মহা মিলনমেলায়।
মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৭টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন-এ শুরু হওয়া এ আয়োজনে গায়ক, কবি-সাহিত্যিক, ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক-শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ মাস পরে এধরনের গান, কবিতা আবৃত্তি ও মুক্তচিন্তার পরিবেশনা দর্শকদের মাঝে গভীর আবেগ ও ভালোবাসার সঞ্চার করে।
অনুষ্ঠানে আগত দর্শক-শ্রোতারা জানান, এমন আয়োজন তাদের মনে এক ধরনের আত্মিক তৃপ্তি এনে দিয়েছে এবং শিল্প ও সাংস্কৃতিক চর্চার প্রতি নতুন করে আগ্রহ তৈরি করেছে।
অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড জাকির হোসেন।
0 Comments