বিশেষ প্রতিনিধি :
পাবনার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকাল থেকে শহরের রূপকথা রোডস্থ স্বাগতম চাইনিজ রেস্টুরেন্ট-এ এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ইরানের বিজয়ের জন্য দোয়া করা হয় এবং আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে তাঁকে শহীদের মর্যাদা দেওয়ার বিশেষ আবেদন জানানো হয় মহান আল্লাহর দরবারে।
সংগঠনের সভাপতি দেওয়ান মাযহার মুন্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা ভাঙ্গুড়ার ইসলামি সমাজকল্যাণ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন এবং পাবনা জেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম আলী।
এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলী রেজা, এবিসি গ্রুপের জোনাল ম্যানেজার কবির উদ্দিন কবি, দালিফ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর সম্রাট, বিশিষ্ট সমাজসেবক হাসিবুল ইসলাম, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আজমেরি হাসনাত আশা, সদস্য মোছাঃ পারুল, স্বদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি শিশির ইসলামসহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের প্রায় অর্ধশত নারী-পুরুষ।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন সিএনএফ টিভি-এর চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির। সার্বিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী-এর এ আয়োজন উপস্থিত সুধীজনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সংগঠনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
0 Comments