ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি পুকুরের কাদামাটি থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।
জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামের লালদীঘি পুকুরের (সরকারি) ২২ বিঘা জব্বার হোসেনের বাড়ির নিকটে তার ১০-১২ বছর বয়সী মেয়ে পুকুরের কাদামাটিতে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ তার চোখে একটি অস্বাভাবিক বস্তু ধরা পড়ে। পরে সে বিষয়টি তার মাকে জানায় এবং পরবর্তীতে তার বাবাকেও অবগত করে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়। চেয়ারম্যান সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ রাত প্রায় ১০টার দিকে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উদ্ধারকৃত মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজিত দেবতা বিষ্ণুর বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটির উচ্চতা প্রায় ১৪ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৯ কেজি ৬৪০ গ্রাম।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মূর্তিটির প্রকৃত ইতিহাস ও মূল্য নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
0 Comments