Header Ads Widget

Responsive Advertisement

পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে : খুলনায় মহাপরিচালক

 


এ কে খান পিভিএম : 

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। 

 মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) খুলনা জেলা স্টেডিয়ামে এক গুরুত্বপূর্ণ নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, পেশাদারিত্ব, কঠোর নিরপেক্ষতা ও আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সময়ে খুলনা স্টেডিয়ামের সমাবেশ থেকে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার প্রস্তুতিমূলক সমাবেশে অংশগ্রহণকারী সদস্যদের ডিজিটাল জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি দিকনির্দেশনা দেন মহাপরিচালক। এতে বাহিনীর প্রযুক্তিনির্ভর ও সমন্বিত প্রস্তুতির চিত্র ফুটে ওঠে। মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার প্রথম সারির প্রতিরক্ষা শক্তি। তিনি বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন আনসার-ভিডিপি সদস্য যদি অটল পাহাড়ের মতো যেকোনো বিশৃঙ্খলা ও হুমকি মোকাবিলা করতে পারেন, তাহলেই একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।”

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিক তথ্য পাঠাবেন, যাতে টহল টিম দ্রুত ব্যবস্থা নিতে পারে। তিনি আরও বলেন, সদস্য নির্বাচন ও ভাতা প্রদানে ‘এসটিডিএমএস সফটওয়্যার ব্যবহারের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। পাশাপাশি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বৈধ গণমাধ্যমকর্মী, পর্যবেক্ষক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের শনাক্তকরণ ও ক্যামেরা সংযুক্তির মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। মহাপরিচালকের আশাবাদ, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য সারাদেশে নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা নির্বাচনী প্রক্রিয়ায় একটি শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবেন। সমাপনী বক্তব্যে মহাপরিচালক একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, দৃঢ় মনোবল ও পেশাদারিত্বের সমন্বয়ে আনসার-ভিডিপি একটি অভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তুলবে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি।বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করবে। 

এ সময় বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা, আনসার-ভিডিপি সংগঠনের সদস্যা, সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট