ঢাকায় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করলেন —এড. শিমুল বিশ্বাস এমপি
খালেদ আহমেদ :
রাজধানী ঢাকায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথি এড. শিমুল বিশ্বাস বলেন ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস পরিচালনার মাধ্যমে রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদ্ধতিতে বিভিন্ন বাস কোম্পানির মালিকানা আলাদা থাকলেও বাস চলাচল ও পরিচালনা হবে একটি সমন্বিত ব্যবস্থাপনার অধীনে। নির্দিষ্ট রুট, সময়সূচি ও নিয়ম মেনে বাস চলাচল করবে। এ ব্যবস্থার ফলে একই রুটে বাসের মধ্যে অযথা প্রতিযোগিতা, যাত্রী ওঠানোর জন্য টানাটানি এবং সড়কে বিশৃঙ্খলা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানজট নিরসন, যাত্রীদের ভোগান্তি কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করে তোলাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বাস রুট রেশনালাইজেশন কমিটি (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, সড়ক পরিবহন কর্তৃপক্ষের মোহাম্মদ হাবীবুর রহমান, মীর আহমেদ তারিকুল ওমর, এম. এ. বাতেন ও মো. সাইফুল আলম।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোটরযান মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

