পাবনার সাঁথিয়ায় ক্ষ্যাপা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১১ জন আহত
রাকিব হোসাইন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে ক্ষ্যাপা শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা ও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শালঘর মহল্লার মো. রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগলকে প্রথমে আক্রমণ করে শিয়ালটি। পরে লোকালয়ে ঢুকে বিভিন্ন বাড়িতে গিয়ে নারী ও শিশুসহ একে একে কয়েকজনকে কামড়ে আহত করে।
আহতদের মধ্যে শালঘর এলাকার জুবাইদা, মংলা খাতুন, আলেয়া, ওয়াজ কুরুনি, শাহিদা ও সোনিয়া রয়েছেন। এছাড়া সাতবিলা গ্রামের সিনহা, লাকি, বায়জিদ, রেহেনা ও সামসুরও ক্ষ্যাপা শিয়ালের কামড়ে আহত হন।
পরে স্থানীয়রা একটি ঝোপ থেকে শিয়ালটিকে ধরে ফেলেন। সাড়ে ৫টার দিকে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাফুজ জানান, জলাতঙ্ক প্রতিরোধে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ক্ষ্যাপা শিয়ালের হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
