ওয়ান মিনিট টিভি ডেস্ক :
মহীয়সী সাহিত্য পাঠচক্রের আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক, নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে 'হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় এ উপলক্ষে পাবনা শহরের মেমোরিয়াল ক্লাব বুকস, এ হামিদ কমপ্লেক্সের ২য় তলায় আলোচনা সভা ও নিবেদিত কবিতা পাঠের আয়োজন করা হয়।
পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে হুমায়ূন আহমেদের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন, কবি ও চিকিৎসক ডা. সরওয়ার জাহান ফয়েজ, মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনার উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজাহারুল ইসলাম, নদী গবেষক ড. মনছুর আলম, শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক দেওয়ান বাদল, উত্তরণ পাবনার সভাপতি কবি, গীতিকার ও সংগঠক আলমগীর কবির হুদয়, সাধারণ সম্পাদক কবি এটিএম ফজলুল করিম, কবি মোহাম্মদ আলী, উপস্থাপক আকতারুজ্জামান জর্জ, কাব্যশ্রী লেখক চক্র' পাবনার সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ, অর্থ সম্পাদক কবি মরিয়ম বেলারুশী, পাঠচক্র সম্পাদক সাবিনা ইয়াসমিন জুঁই প্রমুখ।
বক্তারা বলেন, হুমায়ূন আহমেদের রচনার প্রধান কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো 'গল্প-সমৃদ্ধি'। এছাড়া তিনি অনায়াসে ও বিশ্বাসযোগ্যভাবে অতিবাস্তব ঘটনাবলীর অবতারণা করেন যাকে একরূপ যাদু বাস্তবতা হিসেবে গণ্য করা যায়। তার গল্প ও উপন্যাস সংলাপপ্রধান। তার বর্ণনা পরিমিত এবং সামান্য পরিসরে কয়েকটি মাত্র বাক্যের মাধ্যমে চরিত্র চিত্রণের অদৃষ্টপূর্ব প্রতিভা তার রয়েছে। তার সাহিত্য চিত্রায়ন গ্রামীণ বা লোকজ ঐতিহ্যে ভরপুর এবং চরিত্র রূপায়নেও পল্লী জীবনের প্রাধান্য। তার সকল রচনাতেই একটি প্রগাঢ় জীবনবোধ ক্রিয়াশীল লক্ষ্য করা যায়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীরও পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, মহীয়সী সাহিত্য পাঠচক্র'র সহ-সভাপতি কবি ও গল্পকার কথা হাসনাত ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সভাপতি রেহানা সুলতানা শিল্পী, সঞ্চালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সাধারণ সম্পাদক কবি ও কথাসাহিত্যিক , যাযাবর জিয়া।
উল্লেখ্য, বাংলার এই বিশ্বনন্দিত কথা সাহিত্যিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ আজকের এই দিনে ১৯ জুলাই ২০১২ সালে ইন্তেকাল করেন। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত হয়েছে।
0 Comments