রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের প্রাণকেন্দ্র পুন্ডুরিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আরাফাহ একাডেমি অ্যান্ড বিএম কলেজে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাঁকজমকপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদায়ের মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয় ও আবেগময়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কে এম আরশেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেনসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক আসাদুজ্জামান বিজয়।
সভাপতির বক্তব্যে কে এম আরশেদ আলী বলেন, ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রাথমিক শাখায় ধারাবাহিক সাফল্যের পর ২০১৫ সালে মাধ্যমিক শাখার কার্যক্রম চালু করা হয়। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তিনি জানান, ২০২৬ সালে অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, সাঁথিয়া উপজেলার বিভিন্ন পাবলিক পরীক্ষায় আল আরাফাহ একাডেমি ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের সাফল্যের মধ্য দিয়েই আমাদের সকল পরিশ্রম সার্থক হবে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামীতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিদায়ের এ আয়োজন শিক্ষার্থীদের জীবনে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
0 Comments