খালেদ আহমেদ, পাবনা :
বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি পাবনা, আবাসিক হোটেল মালিক সমিতি এবং সোনার বাংলা মা একাডেমির পক্ষ থেকে নবনিযুক্ত পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
তিনটি সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রানা বিশ্বাস অত্যন্ত দক্ষতার সাথে পর্যায়ক্রমে তিনটি সংগঠনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে জেলা প্রশাসকের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সবার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
নবনিযুক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম আন্তরিকতার সাথে শুভেচ্ছা গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট সকল বৈধ ও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় বক্তব্যে সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, “মিল মালিকরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, কাঁচামালের সংকট এবং সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে মিল পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আরও দক্ষতার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করতে পারবো।” তখন তিনি সংগঠনগুলোর কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খল রাখতে নবগঠিত কমিটিগুলোর তালিকা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রানা বিশ্বাস নবাগত জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির জেলা কমিটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক দুলাল মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মহলদার, ১ নম্বর সদস্য আলহাজ্ব শামসুল আলম, ভাঙ্গুড়া থানার সাধারণ সম্পাদক ও পিএম চাউল কলের স্বত্বাধিকারী স্বপন কুমার সরকার মুক্তিসহ আবাসিক হোটেল মালিক সমিতি ও সোনার বাংলা মা একাডেমির অন্যান্য নেতৃবৃন্দ।
0 Comments